ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ

আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের সংবাদ সম্মেলন

ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল। বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ আওয়ামী লীগ এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন থেকে দলটির ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেলের আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এই অনুরোধ জানিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে এবং ঢাকায় আক্রান্ত রোগীদের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে এই রোগ ছড়িয়ে পড়ছে। আমাদের জানামতে গতকাল পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ৩৪০ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৩ জন।

জনসাধারণকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশের জনগণের কাছে আমাদের একটাই আবেদন। আপনারা আতঙ্কিত হবেন না। যদি জ্বরে আক্রান্ত হন, তবে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের ওপর আস্থা রাখবেন। বিচলিত না হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করলেই এই দুর্যোগ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ।’

ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থানকালীন সময়েও ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে সংশ্লিষ্টদের যাবতীয় দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন। আমরা ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা মনিটরিং সেল গঠন করেছি। বর্তমানে বিএমএ ভবনের নিচ তলায় কন্ট্রোল-রুম খুলেছি। কেউ কোনও সহায়তা চাইলে কন্ট্রোল-রুমে উপস্থিত ব্যক্তিরা সহায়তা দিচ্ছেন।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডেঙ্গু শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রায় ১২৬টি দেশে বিস্তার লাভ করেছে। সম্প্রতি ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের অনেক দেশে এটি ছড়িয়ে পড়েছে। বিষয়টি এখন আমাদের জাতীয় সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে। তাই সমাজের সব স্তরের মানুষকে ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানসহ সেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।