এডিস মশার লার্ভা: ৪ হাসপাতালকে ডিএনসিসির জরিমানা

ডিএনসিসি

ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় চারটি হাসপাতালকে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ আগস্ট) সংস্থাটির এ সংক্রান্ত তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ তথ্য নিশ্চিত করেন।

এডিস মশার লার্ভা নির্মূলে বৃহস্পতিবার সকালে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে নগরীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে জসিম উদ্দিন রোডে পপুলার হাসপাতালের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায়  প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা এবং উইমেন মেডিক্যাল কলেজের ভেতরের ড্রেনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে গরিব নেওয়াজ এভিনিউর লুবনা হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং উত্তরা ৪নং সেক্টরে জাপান কাগুচি হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এডিস মশার লার্ভা ও তার বংশবিস্তারের উপযোগী পরিবেশ পাওয়া যাওয়ায় মহাখালী অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন বারিধারার ১১টি বাড়ির মালিককে মোট ১ লাখ টাকা জরিমানা করেন।

এছাড়া রাস্তা দখল করে কোরবানি পশু রাখার অপরাধে বারিধারা ৮নং সড়কে ওয়াহিদ খান নামে এক ব্যক্তিকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কোরবানি পশু রাখার জন্য তৈরি করা ছাউনিটি উচ্ছেদ করা হয়।

কারওয়ান বাজার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান সাতবাড়ি কনস্ট্রাকশন সাইটের ভেতরে এডিস মশার লার্ভা খুঁজে পান। তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।