রাজধানীর কমলাপুর রেলওয়ে থানা এলাকা থেকে ৯ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রবিবার (১১ আগস্ট) দুপুর একটার দিকে ঢাকা রেলওয়ে পার্সেল ইনওয়ার্ড অফিস থেকে পার্সেল নেওয়ার সময় তাকে আটক করা হয়।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (অপস) অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজারের রামু থেকে একটি কাঠের তৈরি বক্স-খাটের ভেতর করে ইয়াবার একটি চালান কমলাপুর রেলওয়ে স্টেশনের ঢাকা রেলওয়ে পার্সেল ইনওয়ার্ড অফিসে আসে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর সদস্যরা অবস্থান নেয়। রবিবার দুপুরে মিজানুর রহমান নামে একজন এই খাট ডেলিভারি নিতে এলে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, আসামির সামনে ওই খাটের গোপন বক্সের ভেতর থেকে ৯ হাজার ৭শ’ পিস ইয়াবা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সে র্দীঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলেও প্রাথমিক জিজ্ঞাবাদে জানিয়েছে।