কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ছয়টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।এরপর শোক র্যালি শেষে শুরু হয় আলোচনা পর্ব।
অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতার বিরোধীরা বাঙালির জাতিসত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা আমাদের মাঝে রয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে তিনি বাংলাদেশকে আজ সারাবিশ্বে পরিচিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই স্বাধীনতাবিরোধীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে বলতে চাই, বাঙালি আজ ঐক্যবদ্ধ। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আসুন, আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিই।