পঞ্চগড়ে ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রলির চাপায় সামিনুর রহমান (১৮) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় ড্রাইভারসহ আরও একজন শ্রমিক আহত হয়েছেন।

পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতসাওদা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সামিনুর ওই এলাকার এজাবুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সামিনুরসহ কয়েকজন শ্রমিক ট্রলিতে করে নদীতে বালু লোড করতে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার মোড় ঘোরাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সামিনুর মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়। আহত ড্রাইভার সোহাগের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।