এডিস মশার লার্ভা নিধন অভিযানে ২ বাড়ির মালিককে জরিমানা

এডিস মশার লার্ভা নিধন অভিযানঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এডিস মশার লার্ভা নিধন অভিযানে দুই বাড়ির মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সংস্থাটির পাঁচটি অঞ্চলে এক যোগে এ অভিযান পরিচালিত হয় বলে ডিএসসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির অভিযানে একটি নির্মাণাধীন, একটি পরিত্যক্ত ভবন ও দুই বাড়ির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ১৪০টি বাড়ি পরিদর্শন করা হয় বলে জানিয়েছে ডিএসসিসি।

এতে আরও বলা হয়, অভিযানে অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ২৪টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে পান্থপথের ১৬/শুক্রাবাদ হোল্ডিং এ নির্মাণাধীন মানামী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১৭/এ শুক্রাবাদে অবস্থিত পুরনো মালামালের একটি উন্মুক্ত গোডাউনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসির লার্ভা নিধন অভিযানঅঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মাণাধীন ভবন পরিদর্শনসহ মোট ৩০টি বাড়ি পরিদর্শন করা হয়। তবে এ সময় কোথাও এডিস মশার লার্ভা পাওয়া যায়নি।

অঞ্চল-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ৪৩ নং ওয়ার্ডের ২৪টি বাড়ি পরিদর্শন করেন। এরমধ্যে তিনটি বাড়ির পরিবেশ এডিস মশার প্রজনন উপযোগী হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল হক ডিএসসিসির ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের ৪০টি বাড়ি ও অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির আহমেদ ২২টি বাড়ি পরিদর্শন করেন। তবে তারা কোথাও এডিস মশার লার্ভা পাননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।