আট উপজেলা ও তিন পৌরসভায় ভোট ১৪ অক্টোবর

নির্বাচন কমিশন

দেশের আট উপজেলা ও তিন পৌরসভায় আগামী ১৪ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৫ সেপ্টম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টম্বর।

যে আট উপজেলায় সাধারণ নির্বাচন হবে সেগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর, নোয়াখালীর কবিরহাট, শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া।

আর পৌরসভা তিনটি হচ্ছে- ঢাকার দোহার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এবং ভোলার লালমোহন।

এছাড়া একইদিন ভোটের তারিখ নির্ধারণ করে ছয়টি পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ড, রংপুরের পীরগঞ্জের ৩নং ওয়ার্ড, নীলফামারীর জলঢাকার ১নং ওয়ার্ড, মাদারীপুরের রাজৈরের ৪নং ওয়ার্ড, নড়াইল জেলার নড়াইল পৌরসভার ৮নং ওয়ার্ড এবং একই জেলার লোহাগড়া উপজেলার ৩ নং ওয়ার্ড।