শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আলোচনায় ক্যাসিনো’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ বিষয়ে তিনি বলেন, ‘এখানে তিনটি অপরাধ খুব আলোচিত–ক্যাসিনো ব্যবসার নামে মদ, চাঁদাবাজি ও মানি লন্ডারিং হচ্ছে। মানি লন্ডারিংয়ে ২৮টি অপরাধের কথা বলা আছে। এখানে নারী নির্যাতন করেও যদি কেউ অর্থ উপার্জন করে, তাহলেও আসবে। মজার বিষয় হচ্ছে, ক্যাসিনো বা জুয়া এই ২৮টি অপরাধের মধ্যে নেই। অবৈধভাবে ব্যবসার মাধ্যমে আয়ও মানি লন্ডারিং। সুতরাং ক্যাসিনো চালানো কিংবা জুয়া খেলার জন্য তাদের খুব বেশি শাস্তি দেওয়ার সুযোগ নেই। মামলা কিন্তু সব অন্য আইনে হচ্ছে। এই আইনগুলোও কিন্তু তত শক্ত না।’
তিনি আরও বলেন, ‘এখানে মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে সুযোগ একটাই আছে। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইউনিট আছে। ওই ইউনিটকে ক্ষমতা দেওয়া আছে, যেকোনও অপরাধকে তারা এসব অপরাধে সম্পৃক্ত করে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে পারে। শুধু মানি লন্ডারিং আইনে এই ক্ষমতা দেওয়া আছে।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন–সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দৈনিক কালের কণ্ঠের উপ-সম্পাদক মোস্তফা মামুন এবং বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক আমানুর রহমান রনি।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।