পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া নিয়ে বার কাউন্সিলের নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ বার কাউন্সিল

আইনজীবী অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। নতুন এ সিদ্ধান্ত অনুসারে কোর্স ডিউরেশনের স্বল্পতা, ইউজিসির অনুমোদন না থাকা এবং ‘ও’ লেভেলের পর ‘এ’ লেভেল না করে বিদেশি ল’ ডিগ্রিধারীদের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড দেবে না বলে জানিয়েছে বার কাউন্সিল।

বুধবার (২ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বার কাউন্সিলের গত ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুসারে কিছু কিছু শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বার কাউন্সিলে পাঠালেও পরীক্ষা শেষে দেখা যায়, তাদের কোর্স ডিউরেশনের স্বল্পতা রয়েছে। যেমন- দুই বছরের পাস কোর্স এক বছরে শেষ করেছে, চার বছরের অনার্স কোর্স এক বছর বা দুই বছরে শেষ করেছে— যা নিয়ম বহির্ভূত। এমন পরীক্ষার্থীদের ব্যাপারে পুনঃরেজিস্ট্রেশন না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।’

এছাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইউজিসি/শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেছে, আবার কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির ল’ প্রোগ্রাম অনুমোদন পাওয়ার আগেই নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, সেইসব শিক্ষার্থীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন দেবে না।

প্রসঙ্গত, আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার জন্য আগামী ২২ নভেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।