রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা





dudok-5b93f5a68df96অবৈধভাবে ৫০ দশমিক ৬৭ কাঠা জমি (৮টি বাণিজ্যিক প্লট) বরাদ্দের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ অক্টোবর) দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মো. আল আমীন। দুদকের জনসংযোগ বিভাগ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার অন্য আসামিরা হলেন আরডিএ’র সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, বোয়ালিয়ার বাসিন্দা মো. এনামুল হক, রাজশাহীর বাসিন্দা আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস এম খোদেজা নাহার বেগম ও মো. খায়রুল আলম, লক্ষ্মীপুরের ডা. মো. রবিউল ইসলাম স্বপন এবং অ্যাসথেটিক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুল হক।
দুদক জানায়, দণ্ডবিধির ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২০০৬ সালে ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের অভিযোগ আনা হয়েছে।