‘কাছের লোকদের’ বিদেশে প্রশিক্ষণ: স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে দুদকের অভিযান





দুদকবিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ অক্টোবর) সচিবালয়ে  বিভাগটিতে এ অভিযান চালানো হয়।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়েছে।
দুদক জানায়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। আর এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় হচ্ছে। অভিযানের সময় এসব অভিযোগের সত্যতা মিলেছে। অভিযানের নেতৃত্ব দেন দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা।
দুদক জানায়, অভিযানের সময় জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদমর্যাদার ২১ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়। অথচ প্রশিক্ষণের বিষয়ের সঙ্গে তাদের কাজের ন্যূনতম সম্পৃক্ততা নেই।