আদালতের আদেশ অনুসারে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় (এনরোলমেন্ট) অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
রবিবার (৬ অক্টোবর) রাজধানীর পরীবাগে বাংলাদেশ বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ডেফোডিল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় ও আশা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উত্তীর্ণ শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
এসময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশ বার কাউন্সিল ২০১৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রতি সেমিস্টারে ৫০ জন শিক্ষার্থী ভর্তির নিয়ম করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সেই নিয়মের বাইরে শিক্ষার্থী ভর্তি করেছে। এই অতিরিক্ত শিক্ষার্থীর দায় কে নেবে? তারপরও আমরা রিট দায়ের করেছি। রিটের আদেশে আমাদের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন সুবিধা দিতে বার কাউন্সিলকে বলা হলেও আমরা এখনও সে সুবিধা থেকে বঞ্চিত। তাই প্রতিকার চেয়ে আমরা মানববন্ধনের আয়োজন করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তির নামে আমাদের সঙ্গে প্রতারণা করছে। এখন এর দায় তাদেরকেই নিতে হবে। উচ্চ মাধ্যমিক পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় ভর্তির যাবতীয় নিয়ম আমাদের জানা থাকে না। অথচ আমাদের সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বাণিজ্য শুরু করেছে। এ অবস্থায় আমরা যদি এবারের পরীক্ষায় অংশ নিতে না পারি, তাহলে আরও কঠিনতর কর্মসূচি ঘোষণা করবো।’
প্রসঙ্গত, আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার জন্য আগামী ২২ নভেম্বর দিন নির্ধারণ রেখেছে বাংলাদেশ বার কাউন্সিল।