সব ধর্মের মানুষের প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে: তথ্যমন্ত্রী

কলাবাগান পূজামণ্ডপ পরিদর্শনের সময় তথ্যমন্ত্রী সব ধর্মের মানুষের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় ধানমন্ডি সর্বজনীন পূজা কমিটি আয়োজিত কলাবাগান পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে অর্জিত আমাদের লাল-সবুজের পতাকা অসাম্প্রদায়িকতার অনন্য প্রতীক। আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি, তারপর কে কোন ধর্মের। সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার শেকল ভাঙা হয়েছে। এই দেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে আমরা শুধু স্বপ্নের ঠিকানায় পৌঁছাবো না, সেই ঠিকানা অতিক্রম করে যাবো।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে দেশে পূজামণ্ডপ ছিল প্রায় ১১ হাজার, এখন তা ৩১ হাজারের বেশি। এই তিনগুণ বৃদ্ধির কারণ হলো নিজ ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা, অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধি ও নিরাপত্তাবোধের স্বস্তি।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় উৎসব এখন আর শুধু ধর্মের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবারণা পূর্ণিমায় ফানুস ওড়ানোর আনন্দ আজ সর্বজনীন।’ এসব পূজা উপলক্ষে সনাতম ধর্মাবলম্বীসহ সব মানুষের সবার মঙ্গল কামনা করেছেন মন্ত্রী।

ধানমন্ডি পূজা কমিটির সভাপতি অমর কৃষ্ণ পোদ্দার, সাধারণ সম্পাদক অশোক কুমার বসু, সহ-সভাপতি অধ্যাপক বি কে সাহাসহ আরও অনেকে মন্ত্রীর সঙ্গে ছিলেন।

তথ্যমন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।