শিক্ষকতা দ্রুত অর্থ উপার্জনের পেশা নয়: ইউজিসি চেয়ারম্যান

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেছেন,  শিক্ষকতা দ্রুত অর্থ উপার্জন ও ধনী হওয়ার পেশা নয়; এটি জাতি গঠনে একটি মহৎ পেশা।

রবিবার (৬ অক্টোবর) ইউজিসি আয়োজিত কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্পের (সিইডিপি) অগ্রগতি সম্পর্কিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী শহীদুল্লাহ বলেন, যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদের নৈতিকতা, ত্যাগ ও দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। অর্থ উপার্জনের জন্য এ পেশায় না আসাই ভালো। মেধাবীদের এ পেশায় নিয়োগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 

ইউজিসি চেয়ারম্যান বলেন, অযোগ্য ও অদক্ষদের শিক্ষক হিসেবে নিয়োগ দিলে জাতি কাঙ্ক্ষিত ফল ভোগ করতে পারবে না। দেশের শিক্ষার মান নিয়ে ইউজিসি উদ্বিগ্ন বলেও জানান তিনি।

বাংলাদেশে স্নাতকদের অর্জিত ফল ও প্রকৃত জ্ঞানে ব্যাপক পার্থক্য রয়েছে মন্তব্য করে কাজী শহীদুল্লাহ বলেন, ‘আগে শিক্ষার্থীদের মেধাক্রম দেখে জ্ঞানের বিচার করা যেতো।  বর্তমানে অর্জিত গ্রেড পয়েন্টের সঙ্গে প্রকৃত জ্ঞানের পার্থক্য রয়েছে। তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা সন্তোষজনক নয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছেলেমেয়েরা ব্যর্থ হচ্ছে।’ এতে সমাজে সমস্যা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সভায় ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান ও বিশ্ব ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার ড. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।