বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সম্রাট

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থতার কারণে প্রথমে ঢাকা মেডিক্যালে ও পরে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে সম্রাট অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে সাতটায় তাকে কারাগার থেকে ঢামেকে আনার পর নতুন ভবনের তৃতীয় তলায় সিসিইউতে রাখা হয়। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে চিকিৎসার জন্য তাকে আগারগাঁওয়ে হৃদরোগ ইনস্টিটিউটে  নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে রয়েছেন কারারক্ষী সুবেদার মো. মুজাহিদুল ইসলাম।

কারারক্ষী মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘বুকে ব্যথা অনুভব করায় তাকে (সম্রাটকে) হাসপাতালে আনা হয়েছে। এখন হৃদরোগ ইনস্টিটিউটে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

সম্রাটকে হৃদরোগ ইনস্টিটিউটের দোতলায় অবস্থিত সিসিইউ-১ এ ভর্তি করা হয়েছে। তার বেড নম্বর-তিন। হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আফজালুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উনার একটা বাল্ব রিপ্লেস করা ছিল। সেটা ভালো রয়েছে। উনার শারীরিক অবস্থা স্বাভাবিক।’

পরিচালক বলেন, ‘দুপুরে (মঙ্গলবার) একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হবে।’

উল্লেখ্য, রবিবার (৬ অক্টোবর) ভোরের দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এরআগে গত ১৮ সেপ্টেম্বর থেকে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে র‌্যাব। ওইদিনই রাজধানীর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের ক্যাসিনোয় অভিযান চালানোর পাশাপাশি গুলশান থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর (শুক্রবার) নিকেতনে নিজের অফিস থেকে গ্রেফতার করা হয় যুবলীগ নেতা জি কে শামীমকে। যুবলীগের এই দুই নেতাকে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধভাবে ক্যাসিনো পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। ক্যাসিনোবিরোধী অভিযানের প্রথম দিন থেকেই সম্রাট কয়েকশ’ নেতাকর্মী নিয়ে কাকরাইলে তার নিজ কার্যালয়ে অবস্থান নেন। পরে তার অবস্থান ও আটক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরই মধ্যে গত ২৩ সেপ্টেম্বর তার ব্যাংক হিসাব স্থগিত ও তলব করা হয়। ২৪ সেপ্টেম্বর তার বিদেশ গমনে জারি করা হয় নিষেধাজ্ঞা।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্রাটের গ্রেফতার প্রসঙ্গে বলেন, ‘সময় হলে সব দেখতে পাবেন।’ এরই ধারাবাহিকতায় র‌্যাবের হাতে সম্রাট গ্রেফতার হন।

আরও পড়ুন:

অবশেষে সম্রাট গ্রেফতার

সম্রাটকে ধরতে গ্রিন সিগন্যালের অপেক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী?

 

সম্রাট-এমপি শাওনের ব্যাংক হিসাব জব্দ

সম্রাট-এমপি শাওনের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

শেষরাতেও লোকজন নিয়ে কাকরাইলের যুবলীগ কার্যালয়ে সম্রাট

ঢাকা দক্ষিণ যুবলীগের কমিটি ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশ