আন্দোলনরত শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামকেও দাবির বিষয়ে তার অবস্থান জানানো এবং তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ জানানো হয়। শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রেস ব্রিফিংয়ে এ ধন্যবাদ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কথা ভেবে দুই দিনের জন্য আন্দোলন শিথিলের সিদ্ধান্তের কথাও জানানো হয়।
নাম প্রকাশ না করে আন্দোলনকারীদের একজন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। তিনি শুরু থেকেই বিষয়টি খুব তৎপরতার সঙ্গে দেখাশোনা করেছেন বলেই আবরার হত্যার বিচার কাজ এতো দূর এগিয়েছে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি আমরা ভিসি স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তিনি গতকাল আমাদের দাবিগুলোর বিষয়ে তার সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন।’
শিক্ষার্থীরা জানান, তারা এখনও ১০ দফা দাবির কথা জানাচ্ছেন। কিন্তু আগামী ১৪ অক্টোবর ভর্তি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে তারা দুইদিনের জন্য পূর্বঘোষিত আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন।