নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেফতার





জেএমবিরাজধানী থেকে নব্য জেএমবি’র সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (৪ নভেম্বর) ভোর পৌনে ৬টায় রমনা স্টার গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিটিটিসি।

গ্রেফতার ব্যক্তিরা হলো—আরিফ মোল্লা (২৮), মো. ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), মো. ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার চারজনই নব্য জেএমবি’র সক্রিয় সদস্য। তারা ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার দুপচাঁচিয়া থানার সঞ্জয়পুর গ্রামের নাগর নদীর তীরে রাকিবুল হাসান ওরফে আরতুগুলের নেতৃত্বে কথিত আইএসস’র মিডিয়ায় প্রচারের জন্য একটি ভিডিও ধারণ করেছিল। পরবর্তী সময়ে নরসিংদী জেলার ‘অপারেশন গর্ডিয়ান নট’ পরিচালনার পর আরতুগুল গ্রেফতার হলে অন্যরা আত্মগোপনে চলে যায়। সম্প্রতি অনুরূপ একটি ভিডিও তৈরির জন্য তাদের কথিত আমির নির্দেশনা দিলে, কীভাবে ভিডিওটি তৈরি করা যায় সে বিষয়ে শলাপরামর্শ করতে ঢাকায় আসে।
এছাড়া গ্রেফতার জেএমবি সদস্যারা অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ প্রচার এবং তাদের সংগঠনের জন্য সদস্য সংগ্রহে তৎপর ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রমনা থানায় মামলা করা হয়েছে। আজ তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।