ফের ১০০-এর নিচে ডেঙ্গু রোগী

12এক সপ্তাহের ব্যবধানে আবারও এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাতপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০০-এর নিচে নামলো। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার (২৩ নভেম্বর) জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৪ জন।
এর আগে গত ১৫ নভেম্বর নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮৭ জনে নেমে এসেছিল।
কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ১০ শতাংশ কমেছে। এই ৯০ জনের মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন, ঢাকার বাইরে ৫৮ জন।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫৬৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে ২৭৬ জন, ঢাকার বাইরে ২৮৯ জন। আর চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪৫৩ জন, আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৬২৪ জন। এই হিসাবে ৯৯ দশমিক ২ শতাংশ রোগী হাসপাতাল ছেড়েছেন।
এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ১৯৩টি পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।