প্রতিবন্ধী ব্যক্তিকে মানুষ হিসেবে ভাবার মানসিকতা গড়ে ওঠেনি: জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলমপ্রতিবন্ধী ব্যক্তিকে সবার আগে মানুষ হিসেবে ভাবার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর ডিজঅ্যাবেলিটি ইন ডেভেলপমেন্টের থিমেটিক এক্সপার্ট জাহাঙ্গীর আলম। তিনি বলেন, একজন প্রতিবন্ধী ব্যক্তি সবার আগে মানুষ। তাকে সাধারণ মানুষ হিসেবে চিন্তা করার মানসিকতা এখনও আমাদের মধ্যে গড়ে ওঠেনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র: প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিকে মানুষ হিসেবে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে হয়। এজন্যই যে, ব্যাকরণে একটি শব্দ আছে প্রতিবন্ধী, ইংরেজিতে ডিজঅ্যাবলড। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে, ‘অ্যাবলড’ মানে হচ্ছে যারা প্রতিবন্ধী নয়, কোনও অঙ্গহানি নেই বা কোনও প্রতিবন্ধকতা নেই। কিন্তু অ্যাবল এর সঙ্গে ডিআইএস এই তিনটি বর্ণ যুক্ত হলেই আমরা তাদের অক্ষম মনে করি।

প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা এই এক্সপার্ট আরও বলেন, আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের পরিসংখ্যান ব্যুরোর হিসাব, সবই বলছে যে ১০ ভাগ মানুষ কোনও না কোনোভাবে প্রতিবন্ধী। প্রথমত, আমরা মানুষ, আমরা এই দেশেরই নাগরিক। পরিবার থেকে রাষ্ট্র প্রত্যেক ক্ষেত্রেই আমার দায়িত্ব আছে, নিজেকে উপস্থাপন করার। সেখানেই আমরা বাধাপ্রাপ্ত হই। প্রতিবন্ধী মানুষকে মেডিক্যাল দৃষ্টিভঙ্গিতে দেখা হয় যে- উনি অক্ষম, তার অঙ্গহানি আছে, তার দ্বারা কাজ করা সম্ভব না। ফলে আমরা এখনও দেখি, অনেক জায়গায় নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধী দেখলেই সিভি দেখে বাদ দিয়ে দেওয়া হয়। আমি নিজে গত সপ্তাহে ব্যক্তিগত লোনের জন্য আবেদন করি। সেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে গ্যারান্টার উল্লেখ করায় আমার লোন রিজেক্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এখনও আমার এই যুগে এসে প্রশ্ন, আসলেই কি আমি মানুষ নাকি প্রতিবন্ধী? এখনও আমরা নিজেকে সমাজে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করছি।

মুন্নী সাহার সঞ্চালনায় রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হওয়া বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কেএএম মোর্শেদ, বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন এবং বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুন উর রশীদ।

ব্র্যাকের সহযোগিতায় আয়োজিত বৈঠকি অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয়।