সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তৃণমূল জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বর্তমান সরকার। এজন্য সবাইকেই একযোগে কাজ করতে হবে।’
রবিবার (১ ডিসেম্বর) রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘উপজেলার ১৫টি ইউনিয়নের তিন হাজার অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দিক- নির্দেশনায় জনপ্রতিনিধিরা জনগণের সব সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতার অংশ হিসেবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলছে। তৃণমূলের জনগণ আগের তুলনায় এখন অনেক ভাল জীবনযাপন করছে।’
পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলনসহ রংপুর জেলা আওয়ামী লীগ এবং পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের স্থানীয় নেতারা।