পার্বত্য এলাকার সমস্যা সমাধানে স্থানীয়দেরই কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ছবি: সংগৃহীত)পার্বত্য চট্টগ্রাম এলাকার সমস্যাগুলো এখন চিহ্নিত বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তিনি বলেন, এরমধ্যে ভূমি নিরাপত্তা, অবৈধ অস্ত্র, স্থানীয় কিছু সংগঠনের দৌরাত্ম্য অন্যতম। এসব সমাধানে স্থানীয় প্রতিনিধিদেরই কাজ করতে হবে।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘পার্বত্য শান্তিচুক্তি: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মুরাদ হাসান বলেন, ‘আমাদের একটা বিশেষ সমস্যা আছে। আর সেটি হচ্ছে আমরা আদিবাসীদের কী নামে অভিহিত করবো, এটা এখনও ঠিক করতে পারিনি। তবে, আমাদের দেশে আমরা সবাই বাঙালি; এখানে জাতিসত্তা ভাগাভাগির কিছু নেই।’

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘পার্বত্য শান্তিচুক্তির মধ্য দিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কৃষ্টি-কালচারকে স্বীকার করে নেওয়া হয়েছে নিবিড় বন্ধনে। এ অঞ্চলের মানুষের উন্নয়নে সরকার সবসময় সজাগ রয়েছে। তবে এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো। একই সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর। সেখানে অনেক পক্ষ থাকায় সরকারের একার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং তা উচিতও নয়। তাই আমরা সব গোষ্ঠীকে একসঙ্গে নিয়েই এগোতে চাই।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদীপ্ত চাকমা, আসাদুজ্জামান সাত্তার, মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হেমন্ত ত্রিপুরা প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।