উড়ন্ত মশা নিধনে ব্যবহার হচ্ছে ভেহিক্যাল মাউন্টিং ফগার মেশিনরাজধানীর উত্তর অংশের মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি সংযোজন হয়েছে। সংস্থাটি জানিয়েছে- মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কীটতত্ববিদদের পরামর্শে এসব যন্ত্রপাতি সংযোজিত হয়েছে।
ডিএনসিসি জানিয়েছে, সংযোজিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২০টি মিস্ট ব্লোয়ার এবং দুটি ভেহিক্যাল মাউন্টিং ফগার মেশিন। এছাড়া আরও তিনটি ভেহিক্যাল মাউন্টিং ফগার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মশার লার্ভা ধ্বংসে ড্রেনে ওষুধ ছিটানো হচ্ছেডিএনসিসির প্রতিটি অঞ্চলে দুটি করে মোট ২০টি মিস্ট ব্লোয়ার বরাদ্দ দেওয়া হয়। মিস্ট ব্লোয়ারকে পাওয়ার স্প্রেও বলা হয়। এই মেশিনটি মশার লার্ভা মারার জন্য ব্যবহার হয়। যে সব ড্রেন ঢাকা থাকে, সেগুলোর ভেতরে ওষুধ ছিটাতে মিস্ট ব্লোয়ার উপযোগী। এ মেশিনের সাহায্যে প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত দূরত্বে ওষুধ স্প্রে করা যায়।
ডিএনসিসি সূত্র আরও জানায়, ভেহিক্যাল মাউন্টিং ফগার মেশিন দুটি জার্মানি থেকে আনা হয়েছে। প্রতিটি মেশিন পিকআপ ভ্যানে বসিয়ে উড়ন্ত মশা মারার জন্য ব্যবহার করা হবে। প্রতিটি মেশিন মশা মারার ১৫০ লিটার ওষুধ ধারণ করতে পারে। কোনও গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এ মেশিনের ধোঁয়া চলে যায়। ফলে অল্প সময়ে অনেক এলাকায় এই মেশিন ব্যবহারে ওষুধ ছিটানো সম্ভব।
এছাড়া ১০টি মোটরসাইকেলে ফগার মেশিন স্থাপন করে ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশা মারার ওষুধ ছিটানো হচ্ছে।