যুক্তরাজ্যের ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কার্ড ও অনলাইনে পেমেন্ট সুবিধা চালু করেছে ইউকে ভিসা ও ইমিগ্রেশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।
এর আগে ইউকে ভিসা আবেদনের জন্যে শুধু নগদ অর্থ জমা দিতে হতো।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর প্রায় ২৫ হাজার বাংলাদেশি প্রায় সব ক্যাটাগরিতে ইউকে ভিসা পেয়েছেন। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশিদের ইউকে ভিসা পাওয়া হার বেড়েছে শতকরা ২৬ ভাগ। এছাড়া, প্রায় ৮৫ ভাগ বাংলাদেশি আবেদনকারী ১৫ কর্মদিবস বা তার চেয়ে কম সময়ে ইউকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পেরেছেন। যুক্তরাজ্যে ভ্রমণের ও শিক্ষার উদ্দেশ্যে ক্রমবর্ধমান বাংলাদেশি ইউকে ভিসা আবেদনকারীদের আরও আত্নবিশ্বাস ও উৎসাহ জোগাতেই ভিসা আবেদনে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধার সংযোজন করা হলো।
এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত। এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।’
‘এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দেবে।’, যোগ করেন হাই কমিশনার।
উল্লেখ্য, এই নতুন সুবিধাটি ইউকে ভিসা ও ইমিগ্রেশনের (UKVI) বাণিজ্যিক পার্টনার ভিএফএস (VFS) ছয় মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করেছে। এ সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্ড ও অনলাইনে পেমেন্ট সুবিধার সংযোজন সম্পর্কে যুক্তরাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের মতামত জানতে আগ্রহী।