মেয়ে হত্যার বিচারের দাবিতে বাবার সংবাদ সম্মেলন

২২২

রাজধানীর ফুলবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী অথৈই মনিষা বর্মণের নিহতের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার বাবা অনিল বর্মণ। বৃহস্পতিবার (১৯ ডি‌সেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ কনফারেন্স হ‌লে আয়োজিত সংবাদ সম্মেলনে এদাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে অনিল বর্মণ বলেন, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) আমার মেয়ে তার সহপাঠী আব্দুল্লাহ আল গালিবের সঙ্গে মোটরসাইকেল যোগে বাসায় যচ্ছিল। এসময় ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা ঠিকানা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পুলিশ তাৎক্ষণিক গাড়িটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এসময় আমার সন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এ বিষয়ে বংশাল থানায় একটি মামলা দায়ের করেছি। থানায় মামলা করার পর বাসায় ফিরে টিভি সংবাদ ও ফেসবুকের মাধ্যমে জানতে পারি, আমার মেয়ের দুর্ঘটনাস্থলে প্রথমে মো. রবিউল হাসানের মোটরসাইকেলের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।’

নিহতের বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ের হত্যাকারী ঠিকানা পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১৫-১৪৭৫ এর মালিক, চালক, সহকারী এবং মোটরসাইকেলচালক রকিবুল হাসান  যে আমার মেয়েকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।