ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৬ জন

ডেঙ্গু-১নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২১ ডিসেম্বর ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। একই সময়ে  চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৩১জন। শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।  

কন্ট্রোল রুম থেকে জানা গেছে, নতুন ভর্তি হওয়া ১৬ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৯জন। ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালের ভর্তি হয়েছেন ৭জন। একইভাবে ছাড়পত্র নেওয়া ৩১জনের মধ্যে ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২০জন। ঢাকা মহানগরীর বাইরে ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদফতরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে রিপোর্ট করা সারাদেশের হাসপাতালগুলোয় বর্তমানে ভর্তি আছেন ১৬২জন। এর মধ্যে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোয় আছেন ১০৯জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৫৩জন। সারাদেশে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শতকরা ৯৯ দশমিক ছয় শতাংশ রোগী।

ডিসেম্বরে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৩জন, যেখানে গত নভেম্বর মাসে ভর্তি হয়েছেন চার হাজার ১১জন, অক্টোবরে ভর্তি ছিলেন আট হাজার ১৪৩জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩জন, জুনে এক হাজার ৮৮৪ জন, মে মাসে ১৯৩ জন, এপ্রিলে ৫৮ জন, মার্চে ১৭ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ৩৮ জন। চলতি বছরে জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ১৯০ জন।

এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৬টি মৃত্যুর মধ্যে ২২৩টি পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।