হাসপাতাল সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রয়েছেন দুজন। তারা হলেন- মো. সোহাগ (২৫) ও মো. ফিরোজ (৩২)। বাকি ৮ জন রয়েছেন ঢামেক হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ)। তারা হলেন—বশির, মো. জিসান, লাল মিয়া, শাখাওয়াত, মো. জাকির, সাজিদ, আসলাম, ও মো. সিরাজ।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখানে ১০ জন লাইফ সাপোর্টে ছিলেন। তাদের মধ্যে ৮ জন মারা গেছেন। বর্তমানে দুজন আইসিইউতে রয়েছেন। তাদের কয়েক দিন আগেই লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তাদের এখন অনেক উন্নতি হয়েছে।’
ঢামেকের বার্ন ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক তাহমিনা আক্তার জানিয়েছেন, এখানে ৮ জনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। আহতদের কয়েকজনকে আরও কিছুদিন রাখতে হবে। তাদের ছোটখাটো সার্জারি করতে হবে। বাকিদের রিলিজ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা সোমবার (২৩ ডিসেম্বর) চিকিৎসকদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। ৮ জনের সবার অবস্থাই আশঙ্কামুক্ত।’
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়ার ওই প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে একজন মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও ২১ জন।