আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য। একইসঙ্গে তারা প্রক্টরের পদত্যাগ দাবি করে। মিছিল থেকে হামলাকারীদের ছাত্রত্ব বাতিলেরও দাবি জানানো হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছন দিয়ে মধুর ক্যান্টিন হয়ে প্রক্টরের কার্যালযয়ের সামনে এসে অবস্থান নেয়।
এসময় মিছিল থেকে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে একসাথে’, ‘নির্লজ্জ প্রক্টর, ধিক্কার ধিক্কার’, ‘ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও’, ‘শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জমায়েত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে বিক্ষোভ মিছিল করেন তারা।
মিছিলে ডাকসু’র সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘সারাদেশের মানুষ ছাত্রলীগ ও এই মুক্তিযুদ্ধ মঞ্চকে ধিক্কার জানিয়েছে। ঢাবিতে এটা টিকতে দেওয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। হামলার সঙ্গে প্রশাসনও জড়িত। হামলার শিকার শিক্ষার্থীরা প্রক্টরের কাছে ফোন করলে তিনি শিক্ষার্থীদের হুমকি দেন। তাই প্রক্টরকে অব্যাহতি দিতে হবে।’ এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান তিনি।
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ সুজ পথসভায় বলেন, ‘বুয়েট ক্যাম্পাসে আবরারের রক্ত শুকানোর আগেই ভিপি নুরের ওপর যে হামলা করা হয়েছে, তাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’ উপাচার্যকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনার সময়ে যত হামলা হয়েছে, আপনি কোনোটার বিচার করেননি।’ এরপর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণকালে বিভিন্ন প্রগতিশীল দলের নেতারা সংহতি জানান।