শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষার অগ্রযাত্রায় স্যার আবেদের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
স্যার আবেদের শিক্ষার প্রতি গুরুত্বারোপ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এত বড় প্রতিষ্ঠান ব্র্যাককে তিনি বলতেন সংগঠন। কারণ সংগঠনে কর্মচারী থাকে না, কর্মী থাকে। ব্র্যাকের বড় হয়ে ওঠার একটা জায়গা ছিল তার সক্ষমতায় বিশ্বাস। সেই কারণেই আবেদ ভাই শিক্ষাকে এতটা গুরুত্ব দিলেন। যখন প্রাথমিক শিক্ষার স্কুল সবখানে পৌঁছাতে পারলো না, তখন ব্র্যাক “একঘরে উপানুষ্ঠানিক শিক্ষা” নাম দিয়ে মডেল স্কুল শুরু করলো।’
স্যার আবেদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার বিরাট সৌভাগ্য আমি তার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলাম। আবেদ ভাইয়ের সঙ্গে সামনাসামনি আলাপে মুগ্ধতা ছুঁয়ে গেছে সবাইকেই। শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার, মানবাধিকার, ক্ষুদ্রঋণসহ নানা জায়গার কাজে ব্র্যাকের যে অবদান-উদ্ভাবন, সেটা আমরা দীর্ঘ সময় অনুসরণ করেছি।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম, ব্র্যাক এডুকেশনের পরিচালক শফিকুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনালের নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যায় এ আয়োজন।
বৈঠকিটি অনুষ্ঠিত হচ্ছে ইউল্যাবের সহযোগিতায়।