শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন বলেন, বিএসটিআইয়ের কার্যক্রম সম্পর্কে জনগণের আস্থা সৃষ্টি হয়েছে। এটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিল্পায়নের সঙ্গে ভেজাল সম্প্রসারিত হচ্ছে। এর বিরুদ্ধে বিএসটিআইকে আরও শক্ত অবস্থান নিতে হবে।
ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিএসটিআইকে নির্দেশ দিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ভেজাল ব্যবসায়ীরা জেনে-বুঝে ভেজাল দিচ্ছে। এটা এক ধরনের দুরভিসন্ধি। তারা বেশি মুনাফা করে অর্থের পাহাড় গড়তে চায়। তাই তাদের বিরুদ্ধে বিএসটিআইকে আরও কঠোর হতে হবে।
সভায় কাউন্সিল সদস্যরা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের বৈচিত্রতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন। তারা বলেন, বিএসটিআই আইন অনুযায়ী এ বিষয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এছাড়া ইউরোপের বাজারে কৃষিজাত পণ্য রফতানি বৃদ্ধি এবং হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করার জন্য তারা বিএসটিআইকে তাগিদ দেন।
সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম, বিএসটিআই মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনসহ বিভিন্ন মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, এফবিসিসিআই এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।