শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ায় ঢাবি শিক্ষককে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি

অব্যাহতি পাওয়া শিক্ষক অধ্যাপক আবু সারা শামসুর রউফঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধ প্রযুক্তি বিভাগের এক শিক্ষককে একটি নির্দিষ্ট ব্যাচের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া শিক্ষক হলেন অধ্যাপক আবু সারা শামসুর রউফ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার।

জানা যায়, ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘পিএচটি ৬০২’, ও ‘পিএচটি ৬০৬’ কোর্সের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষায় নম্বর কম পাওয়ায় কোর্স শিক্ষকের কাছে খাতা দেখতে চেয়েছিলেন কয়েকজন শিক্ষার্থী। তবে ওই শিক্ষক খাতা না দেখিয়ে উল্টো শিক্ষার্থীদের হুমকি দেন।

এরআগেও শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া, ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে শিক্ষক শামসুর রউফের বিরুদ্ধে। এ নিয়ে ৯ জন ক্ষুব্ধ শিক্ষার্থী বিভাগীয় চেয়ারম্যান বরাবর একাধিক লিখিত অভিযোগ দিলেও প্রতিকার মেলেনি। শেষে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ করেন তারা।

অভিযোগ পাওয়ার পর উপাচার্য বিভাগীয় চেয়ারম্যান ও ফার্মেসি অনুষদের ডিনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় ওই শিক্ষককে সংশ্লিষ্ট ব্যাচের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই বিষয়ে জানতে অধ্যাপক আবু সারা শামসুর রউফের মোবাইরফোনে একাধিকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাব্বির হায়দার বলেন, ‘বেশ কিছুদিন আগে শিক্ষার্থীরা পরীক্ষায় নম্বর কম দেওয়ার বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা এ বিষয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগও জানান। উপাচার্য ফার্মেসি অনুষদের ডিন ও আমাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তদন্তে অধ্যাপক আবু সারা শামসুর রউফ কোনও ধরণের সহযোগিতা করেননি। পরে ৩১ ডিসেম্বর বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সভায় শিক্ষকরা সংশ্লিষ্ট ওই কোর্সের ক্লাস ও পরীক্ষা থেকে তাকে (রউফ) অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেন।’