অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় যুবলীগ নেতা ও শিক্ষা ভবনের আলোচিত ঠিকাদার শফিকুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ মামলার শুনানি শেষে জামিনের এই আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক ও আইনজীবী শাহিনুর রহমানের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শফিকুল ইসলাম। দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে ঠিকাদার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে প্রায় সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।