ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় প্রায় চার লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী শনিবার (১১ জানুয়ারি) থেকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে এ টিকা খাওয়ানো হবে।
রবিবার (৫ জানুয়ারি) এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘ আগামী শনিবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৯৫৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৪৮ হাজার ৭০৪ হাজার শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ওই দিন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।’’
তিনি বলেন, ‘‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালে রাতকানা রোগ হয় না। এছাড়া, শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা করে। তাই শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানাই।’’
ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী শাহ মো. ইমদাদুল হক।