নারী নির্যাতন বন্ধে পুলিশে আলাদা সেল চান ডাকসু নেতারা

 

ডাকসুনারী নির্যাতন বন্ধে পুলিশে আলাদা সেল গঠনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতারা। সোমবার (৬ জানুয়ারি) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় পুলিশ বিভাগ, নিরাপত্তা বাহিনীসহ পুলিশের সব ইউনিট কাজ করছে। আশা করি খুব শিগগিরই কীভাবে ঘটনা ঘটেছে, কারা করেছে, কাদের দ্বারা সাধিত হয়েছে জানাতে পারবো।’

রাত সাড়ে ১০টার দিকে ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। দাবিগুলো হচ্ছে - আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মাত্র এই ঘটনা নয়, ভবিষ্যতে বাংলাদেশে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ পুলিশ কর্তৃক বাংলাদেশের সব পর্যায়ে নারীর বিরুদ্ধে সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে একটি স্থায়ী ও পৃথক ‘কাউন্টার রেপ অ্যান্ড ভায়োলেন্স এগেইন্সট উইমেন সেল’ গঠন করতে হবে। ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ কর্মসূচি গ্রহণ করতে হবে।