অনুষ্ঠানের আনন্দঘন মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছেন উপাচার্য। ছবিটিতে উপাচার্যকে ক্রিকেট খেলার ব্যাট হাতে বল মোকাবিলা করতে দেখা যাচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে আছেন কয়েকজন।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার ফেসবুক পেজে ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘ভুক্তভোগী ওই ছাত্রীর জন্য খেলাটা পিছিয়ে দিতে পারতেন উপাচার্য। জাতি বিনির্মাণের কারিগরের এ কাণ্ড দেখে বেশ হাসি পাচ্ছে। শিক্ষাগুরুর এমন আচরণ থেকে শিক্ষার্থীরা কী শিখবেন?’
জানা যায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট লিগের উদ্বোধন করেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার প্রমুখ।
উল্লেখ্য, রবিবার (৫ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে তাকে ফুটপাতের ঝোপে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে ওই শিক্ষার্থী রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অপরাধীকে শনাক্ত, গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।