‘জীবনে আশা করি নাই, এভাবে পড়ে থাকতে হবে আমায়’

11‘গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে’ জাতীয় কবি কাজী নুজরুল ইসলামের গানের এই লাইনের বাস্তব চিত্র যেন দেখা গেলো প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে। কোটি টাকা দামের গাড়িও ডাম্পিংয়ে ফেলে রাখার মতো করে সচিবালয়ের যেখানে-সেখানে পড়ে আছে ১৭টি গাড়ি। বেশিরভাগ গাড়িই বছরের পর বছর পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে বলে জানান সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গণপূর্ণ মন্ত্রণালয়ের পেছনে ধুলো জমে থাকা একটি গাড়ির সামনের গ্লাসে কেউ একজন লিখেছেন ‘জীবনে আশা করি নাই, এভাবে পড়ে থাকতে হবে আমায়’।  হাতের লেখায় অপরিপক্কতার ছাপ ও বানান ভুল থাকলেও সরকারি সম্পদ নষ্ট হওয়ার চিত্র ফুটে উঠেছে ওই লেখায়।

12জানতে চাইলে সরকারি যানবাহন অধিদফতরের পরিচালক (সড়ক) যুগ্মসচিব মো. শাহজাহান আলী বলেন, ‘আমাদের কাছে কেউ গাড়ি না পাঠালে তো আমরা জোর করে আনতে পারি না। কোন গাড়ি কোন মন্ত্রণালয়ের, কবে নষ্ট হয়েছে নাকি নষ্ট হয়নি, তা আমাদের না জানালে জানতে পারবো না। এভাবে ফেলে রাখলে সরকারি সম্পদ নষ্ট হবে, কষ্ট পাওয়া ছাড়া কিছু করার থাকবে না।’ 

গাড়িগুলো পড়ে থাকার বিষয়ে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রকল্প শেষ হলে গাড়ি পড়ে থাকে, দেখার কেউ থাকে না। বড় কর্মকর্তারা বদলি হয়ে চলে গেলে পুরনো গাড়ি ব্যবহার অযোগ্য দেখিয়ে নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়। কোনও কারণে গাড়ি নষ্ট হলে আর তা মেরামত করা হয় না। এভাবেই চলছে বছরের পর বছর। দেখার কেউ নেই।’

14স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি যানবাহন অধিদফতরে ভালো গাড়ি দিলে ঝামেলা হবে। মেরামত করে দিলে পুরনো গাড়িই চালাতে হবে। নতুন গাড়ি কেনার প্রস্তাব দেওয়া বেমানান দেখাবে। তাই গাড়ি ফেলে রেখে দিলে একসময় নষ্ট হবে, তখন নিলামে বিক্রি করলেই ঝামেলা শেষ।

সচিবালয়ে ফেলে রাখা ১৭টি গাড়ির বেশিরভাগ গাড়িতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোগো বা চিহ্ন রয়েছে। বাকি গাড়িগুলো কোন মন্ত্রণালয়ের তার তথ্য কেউ জানাতে পারেনি। গাড়ির চালকরাও কেউ জানাতে চাননি।

জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাইদুর রহমান বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত। সরকারি টাকা অপচয় হচ্ছে। আমি শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাবো।’

সরকারি গাড়ি বিনামূল্যে

দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হওয়া সরকারি গাড়ি বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।  জানুয়ারি থেকে মার্চের মধ্যে দেশের ২৯টি জেলায় এসব গাড়ি বিক্রি করা হবে।  এছাড়া সরকারি যানবাহন অধিদফতরের কিছু সরকারি গাড়ি বিনামূল্যে দেওয়া হবে বিভিন্ন সরকারি সংস্থার কাছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ ডিসেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করে। 

13জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফয়েজ আহমেদ পরিপত্রে সই করেন। এতে বলা হয়— সরকারি যানবাহন অধিদফতরের অকেজো ঘোষিত যানবাহন নিলামে বিক্রি করা হচ্ছে। আর কিছু সংখ্যক পুরনো গাড়ি সীমিত যাত্রায় ব্যবহার উপযোগী। কিন্তু অলাভজনক ও জীবনকাল উত্তীর্ণ যানবাহন বিআরটিসি, বিএমইটি, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের মাধ্যমে দক্ষ জনমক্তি বা মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখার জন্য বিনামূল্যে হস্তান্তর করা হচ্ছে।