জরায়ুমুখ ক্যানসারে বছরে আক্রান্ত হন ৮ হাজার নারী

1111দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন ৮ হাজার ৬৮ জন নারী। এ সংখ্যা সব ধরনের ক্যানসারে আক্রান্ত মোট নারীর ১২ শতাংশ। আর জরায়ুমুখ ক্যানসারে প্রতি বছর মারা যান ৫ হাজার ২১৪ জন।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন’ শীষর্ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা জানান।
দেশে এদিন চতুর্থবারের মতো পালিত হচ্ছে জরায়ুমুখ ক্যানসার সচেতনতা দিবস। এ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে মার্চ ফর মাদার।
এ বছরে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আপনার কন্যাসন্তানকে এইচপিভি টিকা দিন’।
মার্চ ফর মাদার-এর প্রধান সমন্বয়কারী ডা. মো হাবিবুল্লাহ তালুকদার রাসকিন গোলটেবিল বৈঠকে জানান, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের (আইএআরসি) প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে নারী ক্যানসার রোগীদের মধ্যে স্তন ক্যানসারের পরেই রয়েছে জরায়ুমুখ ক্যানসারের অবস্থান। প্রতিবছর এতে আক্রান্ত হচ্ছেন ৮ হাজার ৬৮ জন আর মারা যান ৫ হাজার ২১৪ জন।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, বিভিন্ন পর্যায়ের ৪০০ সরকারি হাসপাতালে ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি চালু আছে। তবে তা অসংগঠিত ও হাসপাতালকেন্দ্রিক। একে বিস্তৃত না করলে ঝুঁকিপূর্ণ নারীদের এর আওতায় আনা ভীষণ কঠিন বলে মত দেন তারা।
গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, অধ্যাপক সাবেরা খাতুন, ডা. তাজুল বারী, সাংবাদিক নাদিরা কিরণসহ অন্যরা।