দুদকের মামলায় দৈনিক ইনকিলাব সম্পাদকের স্থায়ী জামিন

এ এম এম বাহাউদ্দীন (ফাইল ছবি)জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার  (১৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আবেদন মঞ্জুর করেন।

এরআগে, ২০১৯ সালের  ১৮ নভেম্বর ইনকিলাব সম্পাদককে চার সপ্তাহের আগাম জামিন দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ নভেম্বর ১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহারে বলা হয়েছে, এ এম এম বাহাউদ্দীন এক কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তবে, দুদকে জমা দেওয়া সম্পদবিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে তিনি ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেন।

এর আগে, ২০১৬ সালে  এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিশ জারি করা হলে ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদবিবরণী জমা দেন তিনি। সেখানে তিনি এক কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দেন।