উৎসবমুখর পরিবেশে ঢাবিতে সরস্বতী পূজা




১২হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু হয়েছে। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

প্রতি বছরের মতো এবারও বিদ্যার দেবীকে ভক্তি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে তৈরি করা হয়েছে ৭০টি পূজা মণ্ডপ। বিভিন্ন বিভাগের আর্থিক সহযোগিতায় এসব মণ্ডপ তৈরি করা হয়েছে।

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’−এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানানোর মধ্য দিয়ে সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হয় পূজা। এছাড়া ১০টা ১ মিনিটে অঞ্জলি দেন শিক্ষার্থীরা। আর সন্ধ্যায় রয়েছে আরতি। শুক্রবার রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এদিকে, জগন্নাথ হল ছাডাও রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলেও পূজার আয়োজন করা হয়েছে।

পূজা উদযাপন কমিটির সভাপতি ও জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘এবারের পূজা উদযাপনে বিশ্ববিদ্যালয়ের ৭০টি বিভাগের উদ্যোগে তৈরি করা হয়েছে পূজা মণ্ডপ, যা বিভিন্ন রঙ দিয়ে সাজানো হয়েছে।’

হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস জানান, পূজাতে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। অন্যবারের মতো এবারের আয়োজনও চোখে পড়ার মতো।


 

ছবি: সাজ্জাদ হোসেন

 

আরও পড়ুন:
দেবী সরস্বতীর কাহিনি