চাকরির আবেদনে ফি বাতিলের দাবি

111বিসিএস, শিক্ষক নিবন্ধনসহ সব ধরনের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি বাতিলের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশা)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি এম. হাসিবুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ একটি অদ্ভুত রাষ্ট্র। এখানকার দায়িত্বশীলদের সিদ্ধান্তগুলোও অদ্ভুত প্রকৃতির। একজন শিক্ষার্থী পড়াশোনার শেষ পর্যায়ে এসে যখন চাকরির জন্য আবেদন করতে চান, সেখানে তাকে প্রতিনিয়ত আবেদন ফির নামে টাকা গুনতে হয়।’
এটা কোনও যুক্তিতেই বৈধ হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, ‘একজন দরিদ্র শিক্ষার্থী এত টাকা কোথায় পাবেন? সুতরাং অবিলম্বে সব ধরনের চাকরির ক্ষেত্রে আবেদন ফি বাতিল করতে হবে।’ তা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী ছাত্রআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, মহাসচিব নুরুল করীম আকরাম, প্রকাশনা সম্পাদক এইচ এম শরীয়াতুল্লাহ উল্লাহ প্রমুখ।