বাউলশিল্পী রিতার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকাবাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দায়ের করা হয়েছে। ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শর্টফ্লিম নির্মাতা রাসেল মিয়া এ মামলা দায়ের করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩ মার্চের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী খন্দকার মোজাম্মেল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই অভিযোগে গতকাল রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলাটি দায়ের করেন রিতার বিরুদ্ধে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী রাসেল মিয়া অভিযোগে বলেছেন, গত ৩১ জানুয়ারি ফেসবুক ও ইউটিউবে তিনি দেখতে পান, রিতা দেওয়ান একটি পালাগানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত। ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, সজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে তিনি এমন আচরণ করেছেন, যা বাদীসহ সাধারণ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছে।