নাজমুল হুদা দম্পতির মামলা বাতিলের আবেদন খারিজ

নাজমুল হুদা দম্পতি

সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই শুনানি করেন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০০৮ সালের ১৮ জুন রাজধানীর মতিঝিল থানায়  নাজমুল হুদা দম্পতির বিরুদ্ধে যমুনা বহুমুখী সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গারেট ওয়ান লিমিটেডের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুদক এ মামলা দায়ের করে।

হুদা দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে হাইকোর্ট মামলাটি বাতিল করে রায় দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। ২০১৭ সালের ৭ জুন আপিল বিভাগ হাইকোর্টের ওই সিদ্ধান্ত বাতিল ঘোষণা করেন। পরে এ মামলায় চার্জশিট দাখিলের পর অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। এরপর পুনরায় তারা মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানালে আদালত তা খারিজ করে দিলেন।

প্রসঙ্গত, আগামী ১০ ফেব্রুয়ারি এ মামলায় হুদা দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ রয়েছে।