ঢাকাসহ সারাদেশে বৃষ্টি, কমে গেছে তাপমাত্রা

ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি (ফাইল ফটো)ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে গেছে। আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এই তাপমাত্রা ১৭ দশমিক ৫, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৫, রাজশাহীতে ১২ দশমিক ৪, রংপুরে ১০, খুলনায় ১৭ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকাসহ সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। তবে পরিমাণে খুব বেশি নয়। কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘লঘুচাপের প্রভাবে শনিবার সারাদিনই আকাশ মেঘলা ছিল। সন্ধ্যায় অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়। রাতেও অনেক এলাকায় এই বৃষ্টি অব্যাহত ছিল। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়। আজও  দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।’ তিনি জানান, গত কয়েকদিন শৈত্যপ্রবাহ ছিল। শনিবার তা প্রশমিত হয়েছে। সোমবার আকাশ পরিষ্কার হলে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রবিবার বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া, দেশের অন্য এলাকার আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

রবিবার সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা এবং মোংলায়, ২ মিলিমিটার। এছাড়া ঢাকা, ফরিদপুর, নিকলী, নেত্রকোনা, সিলেট,  শ্রীমঙ্গল, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী এবং ভোলায় সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।