ছয় বছর পর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের পৃথক এজলাস

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল নিজস্ব এজলাস পেয়েছে। আর এর মধ্যে দিয়েই পৃথকভাবে সাইবার ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনের ষষ্ঠ তলায় সাইবার ট্রাইব্যুনালের এজলাস ও সেরেস্তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ রবিবার সাইবার ট্রাইব্যুনালের এজলাস ও সেরেস্তার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার পূর্বে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এই ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন, নারী ও শিশু ট্রাইবুনাল-৬ এর বিচারক আল মামুনসহ  অন্যরা।

সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে ঢাকার বিশেষ জজ-১ এর এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা হতো। এরপর বিশেষ জজ-৪ এর এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা হতো। সকালে বিশেষ জজ আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর দুপুরে সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হতো দীর্ঘ ছয় বছর ধরে।

সংশ্লিষ্ট সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, আজ (রবিবার) আমরা নতুন এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করেছি। অনেক দিন পর পৃথক এজলাস পেয়ে আমরা অনেক খুশি। তবে এজলাসে পর্যাপ্ত আসবাবপত্র নেই। পাবলিক প্রসিকিউটরের বসার স্থান নেই। সরকারের কাছে আমাদের আবেদন পর্যাপ্ত আসবাবপত্রসহ পাবলিক প্রসিকিউটরের বসার স্থানের যেন ব্যবস্থা করে দেন।

সংশ্লিষ্ট  ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমরা পৃথক এজলাস পেয়েছি। এতে আমরা অনেক খুশি। পৃথক এজলাসের কারণে ভালোভাবে কাজ করার সুযোগ পাবো। বিচার প্রার্থীদের আরও বেশি সেবা দিতে পারবো।