রাজধানীর ওয়ারিতে শিশু সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার (১২ ফেব্রুয়ারি) তিন জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।সাক্ষীরা হলেন— প্রতিবেশী মো. মাছুম, হুমায়ন কবীর এবং সামিয়ার বড় বোনের বন্ধু রাশেদুল ইসলাম।
বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আব্দুল হান্নান তিন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর এম এ আব্দুল বারী বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।
তিনি বলেন,‘এ মামলায় এখনও পর্যন্ত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই ট্রাইব্যুনাল। এর আগে গত ৩০ অক্টোবর হারুনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)আরজু।
উল্লেখ্য,গত বছরের ৫ জুলাই সন্ধ্যা থেকে শিশু সায়মাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ভবনের নবম তলার ফাঁকা ফ্ল্যাটের ভেতরে শিশু সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় তার বাবা আব্দুস সালাম পরের দিন ৬ জুলাই ওয়ারি থানায় মামলা করেন। পরদিন কুমিল্লা থেকে হারুনকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে।