তিন দিনের মধ্যে ডাকসু ভিপি নুরকে পাসপোর্ট দেওয়ার নির্দেশ

নুরুল হক নুরঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে আগামী তিন দিনের মধ্যে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নুরকে কেন পাসপোর্ট দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (৪ মার্চ) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে নুরের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।
এর আগে গত বছরের আগস্টে নুর পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনের তথ্য অনুসারে জরুরিভিত্তিতে পাসপোর্ট পেতে গত বছরের জুলাইয়ে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয়নি। পরে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক নুরকে জানান, মামলা থাকায় তাকে পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। এ অবস্থায় পাসপোর্ট পেতে হাইকোর্টে রিট দায়ের করেন নুর।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি পাসপোর্ট না দেওয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি কেন নুরকে পাসপোর্ট দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছিলেন আদালত। এরপর ওই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করলেন আদালত।