জবি ছাত্রীকে যৌন হয়রানির মামলায় আসামি আনোয়ার রিমান্ডে

রিমান্ডজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে প্রকাশ্যে যৌন হয়রানির মামলায় আসামি আনোয়ার হোসেনকে (৩৩) তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার পুলিশের উপ-পরিদর্শক শাহাদাত হোসেন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডের আবেদন করে আসামিকে আদালতে হাজির করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন।
গতকাল রবিবার (৮ মার্চ) রাত পৌনে ৮টায় কোতোয়ালি থানার নবাববাড়ি এলাকা থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থী আসামিকে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘একজন আসামি ধরা পড়েছে। ভুক্তভোগী ছাত্রী নিজে আসামিকে শনাক্ত করেছেন। আসামি নিজেও অপরাধ স্বীকার করেছে।’
তিনি আরও বলেন, ‘রিমান্ডে নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে। সে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি। ভবিষ্যতেও কেউ কোনও শিক্ষার্থীর সঙ্গে অন্যায় করলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো।’
গত শুক্রবার (৬ মার্চ) সকালে পুরান ঢাকার কলতাবাজারে প্রকাশ্যে জবির ওই ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে দুই বখাটে। এ ঘটনায় দুপুরে সূত্রাপুর থানায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেন।