আইসোলেশন-কোয়ারেন্টাইন নিয়ে বিভ্রান্তি

যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডবিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস বা কোভিড-১৯ আতঙ্ক সৃষ্টি করেছে। করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ হানা দেওয়ার পর থেকেই ‘আইসোলেশন’ ও ‘কোয়ারেন্টাইন’ শব্দ দুটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে এ রোগের ক্ষেত্রে। তবে এ দুটি বিষয় কী তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন জানান, আইসোলেশন আর কোয়ারেন্টাইন দুটি ভিন্ন বিষয়।

এ বিষয় দুটি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘যিনি ইতোমধ্যেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন তাকে চিকিৎসার জন্য পৃথক করে আলাদা ওয়ার্ডে রাখাকে বলা হয় আইসোলেশন। আর সুস্থ মানুষ, কিন্তু সে সংক্রমিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে; তার ভেতরে কোভিড-১৯-এর লক্ষণ প্রকাশ পায় কিনা সেটা পর্যবেক্ষণের জন্য যেখানে রাখা হয় তাকে কোয়ারেন্টাইন বলা হয়। কোয়ারেন্টাইন থেকে লক্ষণ প্রকাশ না হলে তাদের সম্পূর্ণ সুস্থ বলা হয়। যেমনটা করা হয়েছিল উহান থেকে আসা ৩১২ জনের ক্ষেত্রে।’

এই মুহূর্তে কোভিড-১৯ হানা দিয়েছে বিশ্বের ১১০টি দেশে। আক্রান্ত হয়েছেন এক লাখ ১৩ হাজার ৭০২ জন। আর বাংলাদেশে শনাক্ত হয়েছেন তিনজন, যার মধ্যে দুজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন।