আচরণবিধি ভঙ্গের অভিযোগে আ. লীগ প্রার্থীকে শোকজ

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ সদর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে শোকজ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শৌকজটি করেছেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান।

জাসদ মনোনীত প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী নাজমুল হাসান মুকুটের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তপূর্বক বিকালে সরকার দলীয় ওই মেয়র প্রার্থীকে শোকজ করা হয়। দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে জাসদ মনোনীত মেয়র প্রার্থী নাজমুল ইসলাম মুকুল লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গত ক’দিন থেকেই নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি নির্বাচনি বিধিনিষেধ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে শহরের বড়া বাজারের টুকু ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে প্রতীকযুক্ত পোস্টার লাগিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনি আইন অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বরের আগে তিনি এ কাজ করতে পারেন না। প্রতীক নিয়ে প্রচার ও পোস্টার লাগানোর কারণে তিনি নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করেছেন। যে কারণে তাকে শোকজ করা হয়েছে।

এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলা জাসদ সভাপতি আব্দুল হাই একই ধরনের অভিযোগ করেন। সেখানে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকতা ও পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এসটি/