করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কর্মকর্তা- কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মোস্তফা অ্যান্ড কোম্পানির সৌজন্যে এই মাস্কগুলো দেওয়া হয়।
শুক্রবার (২০ মার্চ) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, কার্যনির্বাহী সদস্য এস এম মিজান, মোস্তফা অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক মো. আরাফাত হোসাইন ভূইয়া, সংগঠনের জ্যেষ্ঠ সদস্য রফিক রাফি, রেজাউল করিম প্লাবন ও মুনিফ আম্মার।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আরাফাত হোসাইন ভূইয়া বলেন, ‘করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বাড়ানো প্রয়োজন। মানুষ সচেতন হলে এ ভাইরাস আমাদেরকে কাবু করতে পারবে না। সেজন্যই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’
এর আগে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিরপত্তা ও পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত এক হাজারের বেশি কর্মীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।