হবিগঞ্জে জাতীয় পার্টি ও বিএনপির দুই বিদ্রোহী মেয়রপ্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দুই বিদ্রোহী ও জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান ও যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু ও জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট শিবলী খায়ের। রবিবার বিকেলে তারা জেলা রিটার্নিং অফিসার সফিউল আলমের অফিসে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এখন হবিগঞ্জ পৌরসভায় বিএনপির একক প্রার্থী হিসেবে লড়বেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আটক বর্তমান মেয়র (সাময়িক বরখাস্ত) আলহাজ জি কে গউছ।

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মেয়র পদে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেজন্য তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বরং তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন।

এ ব্যাপারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান বলেন, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম।

অপরদিকে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান মিজান সাংবাদিকদের জানান, আমি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়ে যাব। আমার সঙ্গে এলাকাবাসী ও পাড়া মহল্লার সমর্থন রয়েছে। এজন্য  আমি স্বেচ্ছায় প্রদত্যাগ করেছি। 

/এএইচ/